জাপান-চীন-কুটনীতি

বিরোধপূর্ণ জলসীমায় চীনা জাহাজের প্রবেশ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ২০:০৯



পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় শনিবার চীনা কোস্টগার্ডের জাহাজ প্রবেশ করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে একটি বিতর্কিত যুদ্ধ সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ পাঠানোয় বেজিং ক্ষুব্ধ হওয়ার একদিন পর সেখানে চীনের এসব জাহাজ ঢুকলো।
জাপানের কোস্টগার্ড সূত্র জানায়, চীনের তিনটি জাহাজ যে জলসীমায় প্রবেশ করে সেখানে জাপান নিয়ন্ত্রিত সেনকাকু দ্বীপপুঞ্জের একটি অবস্থিত। স্থানীয় সময় সকাল ১০টার পরপরই চীনের এসব জাহাজ সেখানে প্রবেশ করে। তবে চীনও দ্বীপপুঞ্জটি তাদের বলে দাবি করে। চীনের কাছে এটি দিয়াওউস নামে পরিচিত।
দ্বীপপুঞ্জটির মালিকানা নিয়ে দুই বছর ধরে জাপান ও চীনের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। এক্ষেত্রে চীনের অভিমত হচ্ছে জাপান বিশেষ করে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের প্রকৃত ইতিহাস থেকে সরে এসে নতুন ইতিহাস তৈরী করছে।
জাপানের বিভিন্ন দলের পার্লামেন্ট সদস্যরা জানান, চারদিনব্যাপী শরৎকালীন উৎসব উপলক্ষে শুক্রবার তাদের ১১০ জন সদস্য টোকিও’র কেন্দ্রস্থলে অবস্থিত ইয়াসুকুনি সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাপানের প্রধানমন্ত্রী স্বয়ং তার নাম ও উপাধি খচিত একটি গাছ তাদের সঙ্গে পাঠান। উল্লেখ্য, চীন ও কোরিয়া বিতর্কিত এ যুদ্ধ সমাধিস্থলকে অতীতের যুদ্ধকালের জাপানের আগ্রাসনের একটি প্রতীক হিসেবে দেখে থাকে। খবর বাসসের।