খুব শিগগিরই প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে যাবে : অর্থমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ২১:৫২
 
অর্থমন্ত্রী এ এমএ মুহিত বলেছেন, খুব শিগগিরই দেশে প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে যাবে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০তম বর্ষ পুর্তি অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতির ধারা দেখে বুঝা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
দেশের সর্ব বৃহৎ ব্যবসায়ী সংগঠনটির এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও বক্তব্য রাখেন। শান্তির জন্য স্থিতিশীল উন্নয়ন এবং বৈশ্বিক সমাজের উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজাদ। 
মুহিত বলেন, বর্তমান সরকার বৈশ্বিক ও অভ্যন্তরীণ অনেক চ্যালেঞ্জ সাফল্যেও সঙ্গে মোকাবেলা করেছে। যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভুমিকা পালন করেছে।
ড. গওহর রিজভি বলেন, সাম্প্রতিক সময়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতির কারণে দেশ ইতিমধ্যেই গোল্ডম্যান সাচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি পেয়েছে।
উদাহরণ স্বরূপ তিনি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এ বছর দেশ চাল রফতানি করছে বলে উল্লেখ করেন।
আগামী বছরগুলোতে প্রবৃদ্ধি হার ৭ শতাংশে পৌছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন কাজে লাগানোর জন্য সরকার পদ্মা সেতু এবং রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও ময়মনসিংহের সঙ্গে চার লেনের মহাসড়ক নির্মাণের মত বড় বড় প্রকল্প হাতে নিয়েছে বলেও উল্লেখ করেন ড. রিজভি।
তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে ২০২১ সাল নাগাদ দেশের রফতানি পরিমাণ দ্বিগুণ হবে।
মন্ত্রী বলেন, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিও লক্ষ্যে বর্তমান সরকার তার সব সুযোগ-সুবিধা অব্যাহত রাখায় দেশ খুব শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
দেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে এমএমসিসিআইর ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী।
অনুষ্ঠানের সুচনা বক্তব্যে এমসিসিআই প্রেসিডেন্ট রোকেয়া আফজাল বেসরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য উন্নয়নে সরকারের কাছ থেকে আরো সুযোগ-সুবিধা প্রত্যাশা করেন।
‘এমসিসিআই : এ পিক্টোরিয়াল রেকর্ড ’ এবং ‘এমসিসিআইর ১১০ বছর’ শিরোনামে এমসিসিআই প্রকাশিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন ড. কালাম।
সংসদ সদস্য, কুটনীতিবিদ, ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।