অস্ত্রসহ ‘তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ০১:৪৬

শনিবার রাতে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এনামুল হক এনাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেনী পুলিশ। পুলিশের দাবি এনামুল একজন চিহ্নিত সন্ত্রাসী। পুলিশ তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোড এলাকা থেকে গ্রেপ্তার করে।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার এসআই কামাল হোসেন বলেন, “রাত ১১টার দিকে হাজারী রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সড়কের মাথায় অবস্থিত ফোরলেন প্রকল্প চায়না সিনো হাইড্রো কোম্পানির গ্যারেজের সামনে থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী (সন্ত্রাসী নং-৩৯) এনামকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া গেছে।”
এনামের বিরুদ্ধে খুন, হত্যা, ডাকাতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এখন অস্ত্র আইনে আরেকটি মামলা হচ্ছে বলে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানিয়েছেন।

এনামুল ফেনী পৌরসভার মধ্যম চাড়িপুর এলাকার অজি উল্লাহর ছেলে।