রাজশাহীতে শাশুড়ির চিকিৎসা করাতে এসে জামাই মোহাম্মদ লিটন (৩৫) খুন হয়েছেন। রবিবার সকালে শ্রীরামপুরস্থ কাশবন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। লিটন ঝিনাইদহের মহিষপুর থানার পৈলান্ত গ্রামের আবদুল হামিদের ছেলে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, লিটনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের কাছে মোবাইল ফোন ও নগদ বেশকিছু টাকা পড়ে ছিল। অন্য কোথাও খুন করে নদীর পাশের কাশবনে তার লাশ ফেলে গেছে বলে মনে হচ্ছে।
তিনি আরো জানান, তার চাচা শ্বশুর জহুরুল জানান, শনিবার লিটন তার শাশুড়িকে চিকিৎসা করানোর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তিনিও তার সাথে ছিলেন। ডাক্তার দেখানোর পর বিকেলে লিটন বাইরে বের হন। সন্ধ্যায় পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে শ্রীরামপুর এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং লিটনের লাশ সনাক্ত করেন। এ ঘটনায় চাচা শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
