কুমিল্লার চান্দিনায় নাজমুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে স্কুলের শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন গোবিন্দপুর এলাকায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। মানববন্ধন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় ১০ মিনিট পর শিক্ষকরা মহাসড়ক থেকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
চান্দিনার গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী নাজমুল হাসান হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে নিহতের সহপাঠি শিক্ষার্থীরা। এসময় অনেক শিক্ষার্থীকে তাদের বন্ধু হারানোর বেদনায় কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।
