কাউখালীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ১

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৫:৫৫

পিরোজপুরের কাউখালীতে খুলনাগামী একটি যাত্রীবাহী পরিবহন বাস উল্টে সুমন মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ৪০জন যাত্রী গুরুতর আহত হন। নিহত শিশু সুমনের বাড়ি বাগেরহাটে বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত যাত্রীবাহী বাসটি চালক বেপরোয়াভাবে চালাতে গিয়ে সড়কের খাদে পড়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী খুলনাগামী বাসযাত্রী মো. আল-ইমরান জানান। আহতদের কাউখালী ও পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল-খুলনা রুটের ধানসিঁড়ি পরিবহন বাস (নম্বর- ঢাকা-চ-২২৫৩) অতিরিক্ত যাত্রী বোঝাই করে সকাল ১১টার দিকে বরিশাল রুপাতলী বাসস্টা- থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি মহাসড়কের কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের মধ্যে ৫০/৬০ যাত্রী আটকা পড়ে। স্থানীয়রা বাসের ভেতর হতে সকল যাত্রীকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে কাউখালী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে কাউখালী ও পিরোজপুর সদর হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দুলাল মণ্ডল (১৮), জীবন মণ্ডল (৩১), ফাতেমা বেগম (৫২), রাজ্জাক মিয়া (৩৫) ও সুমন মিয়াকে কাউখালী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আহত শিশু সুমন মিয়া মারা যায়। এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।