চকরিয়ায় ডাকাতের গুলিতে শিক্ষক নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৮:৩১



কক্সবাজারের চকরিয়া পৌরসভার দিগর পানখালী এলাকায় ডাকাতের গুলিতে নারায়ণ দাশ (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এছাড়াও তার বৃদ্ধা বাবা প্রপুল্ল দাশ (৭০) ও মা চঞ্চলা দাশসহ (৬৫) পাঁচজন আহত হয়েছেন। রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ১২/১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রপুল্ল দাশের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা প্রপুল্ল দাশের ছেলে স্কুল শিক্ষক নারায়ণ দাশকে সামনে পেয়েই বুকে গুলি করে তারা। এছাড়াও তাদের মারধরে আহত হন প্রপুল্ল দাশ (৭০), চঞ্চলা দাশ (৬৫) ও শংকর দাশসহ (২২) মোট পাঁচজন। গুলিবিদ্ধ নারায়ণ দাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নারায়ণ দাশ লোহাগাড়া আমিরাদ এম. এইচ নুরুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।