রাজশাহীতে শ্বাশুড়িকে চিকিৎসা করাতে এসে জামাই খুন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৮:৪৬



রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) হাসপাতালে শ্বাশুড়িকে চিকিৎসা করাতে এসে জামাই মোহাম্মদ লিটন আলী (৩৫) খুন হয়েছেন। রবিবার সকালে মহানগরীর শ্রীরামপুর সংলগ্ন পদ্মা নদীর পাশের এক কাশবন থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের চাচা শ্বশুর জহুরুল জানান, গতকাল শনিবার শ্বাশুড়িকে নিয়ে রামেক হাসপাতালে আসেন লিটন। চিকিৎসক দেখানোর পর বিকালে শহরটা ঘুরে দেখতে বের হন তিনি। সন্ধ্যায় পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রবিবার সকালে শ্রীরামপুর এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং লিটনের লাশ শনাক্ত করেন।
ঘটনাস্থল থেকে নিহত লিটনের মোবাইল ফোন ও বেশকিছু নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। দুপুরে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি খুবই রহস্যজনক। প্রাথমিক আলামতে পুলিশ নিশ্চিত হয়েছে যে, লিটন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।