একরাম হত্যা মামলার আসামি নয়ন গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৯:৫১



ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার চার্জশিট ভুক্ত আসামি জসিম উদ্দিন ওরফে নয়নকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেয় আদালত।
ফেনী গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার দুপুরে নয়নকে শহরের বিরিঞ্চি এলাকা থেকে গ্রেফতার করে। তিনি বিরিঞ্চি গ্রামের আবদুল লতিফের ছেলে। চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ খান চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী থেকে ফুলগাজী উপজেলায় যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গাড়ীর গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে।
এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা ও বিগত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান একরামের মূল প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে গত ২৮ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু আদালত এখনো ওই অভিযোগপত্র গ্রহণ করেনি। কিন্তু অভিযোগপত্র ভুক্ত অন্যতম আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারসহ ২৭ জন এখনো পলাতক রয়েছেন। এ নিয়ে একরাম হত্যার ঘটনায় অভিযোগপত্র ভুক্ত ৩০ জনকে গ্রেফতার করা হলো।