ঢাকার দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগ ও ছাত্রসমাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রসাজের কলেজ শাখার সভাপতি মো. শাহিনসহ অন্তত ৫ জন আহত হয়।
সোমবার সকালে (জাতীয় পার্টির) ছাত্র সমাজ কলেজ ক্যাম্পাসে স্থানীয় সংসদ সদস্য সালমা ইসলামের পোস্টার লাগাতে গেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে ছাত্র সমাজের সভাপতি মো. শাহিনসহ কয়েকজন কলেজ ক্যাম্পাসে স্থানীয় সংসদ সদস্য সালমা ইসলামের পোস্টার লাগাতে যায়। এসময় কলেজ শাখা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মো. সিজানসহ ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেয়। ঘটনার একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে করে ছাত্র সমাজের দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার সভাপতি মো. শাহিনসহ ছাত্র সমাজ কর্মী খলিল দেওয়ান, সুমন, জাহিদ ও রানা আহত হয়। আহতদের স্থানীয় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সভাপতি শোভন সিকদার বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত ছিলো না। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।
অপর দিকে, ছাত্র সমাজের সভাপতি মো. শাহিন জানান, ছাত্র লীগের সহ-সম্পাদক মো. সিজানসহ আরো ২৫/৩০ জনের ছাত্র লীগের ছেলেরা আমাদের ওপর হামলা চালায়। এই কলেজ ছাত্র লীগের দখলে বলে তারা জানায়। পোস্টার লাগাতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কেউ কোন অভিযোগ করেনি।
