রেমিট্যান্স প্রেরণকারী সবগুলো দেশ থেকেই রেমিট্যান্স আসার পরিমাণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রায় সব দেশে থেকে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের হিসেবে এ তথ্য উঠে এসেছে।
বিশেষ করে রেমিট্যান্সের বড় ভূমিকা রাখা দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জুলাইয়ের তুলানায় আগস্টে রেমিট্যান্সের পরিমাণ অনেক কমে গেলেও সেপ্টেম্বরে সেটা আবার বেড়ে গেছে।
তবে চলতি অর্থবছরের (২০১৩-১৪) প্রথম তিন মাস শেষে শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী দেশ হিসেবে বরাবরের মতই সৌদি আরবের অবস্থান ঠিকই আছে। এর পরের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেবরে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ৭৮ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
জুলাইয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ৮২ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স আসলেও আগস্টে সেটা কমে ৬৯ কোটি ৬৪ লাখ ডলারে দাঁড়ায়। আর একই সময়ে আমেরিকার দেশগুলো থেকে ৫৬ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগস্টে যার পরিমাণ ছিল ৪৭ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। এসময়ে ইতালি ও দক্ষিণ কোরিয়া থেকে রেমিট্যান্স আসার পরিমাণ সামান্য কমেছে। ২০১৪-১৫ অর্থবছরের তিন মাস শেষে দেশে মোট ৪০১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে প্রথম মাসে এসেছিল ১৪৯ কোটি ১৩ লাখ ডলার। আর ১১৭ কোটি লাখ ডলার এসেছে আগস্টে। আর সেপ্টম্বরে এসেছে ১৩৪ কোটি ৪২ লাখ ডলার।
পরিসংখ্যানে দেখা গেছে, তিন মাসে সৌদি আরব থেকে ৮৪ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে তিন মাসে এসেছে ৭২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। এর মধ্যে জুলাইয়ে এসেছিল ২৫ কোটি ৮৯ লাখ ডলার আর আগস্টে ২১ কোটি ৭৩ লাখ, সেপ্টেম্বরে ২৪ কোটি ৭২ লাখ ডলার এসেছে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট থেকে তিন মাসে ৬৪ কোটি ৮৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সেপ্টেম্বেরে কাতার থেকে ২ কোটি ৪৭ লাখ, ওমান থেকে ৮ কোটি ৪০ লাখ, কুয়েত থেকে ৯ কোটি ৩০ লাখ ও যুক্তরাজ্য থেকে ৮ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
