পুলিশের অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে ওর্ডালী-বয়ের ছবি প্রকাশ

বোয়ালিয়া মডেল থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ২২:১০
 
 
 
 
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহানকে শিল্পাঞ্চল পুলিশে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার সকালে পুলিশ সদর দফতরের এক অফিস আদেশে এই স্ট্যান্ড রিলিজ করা হয়। এদিকে পুলিশের অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে ওসির ওর্ডালী বয় (ফরমায়েশ খাটে) কিশোর আকাশ, শাকিল ও রাসেলের ছবি প্রকাশের ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড় চলছে।
আরএমপির একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মহনানগরীর সপুরাস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকায় জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত হাউজির (জুয়া) আসরে স্থানীয় যুবলীগ নেতা আরিফ ও তার সমর্থকদের মধ্যে ক্রীড়া সংস্থার লোকজনের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিবদমান গ্রুপের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
সূত্র জানায়, ওই অভিযানে পুলিশের সদস্যদের সঙ্গে বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে অ্যাকশনে নামে থানার ওসির তিন ওর্ডালী-বয় (ফরমায়েশ খাটে) কিশোর আকাশ, শাকিল ও রাসেল। গত রবিবার পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত তিন ওর্ডালীবয়ের ছবি একটি জাতীয় পত্রিকায় ছাপা হলে পুলিশে তোলপাড় শুরু হয়। পরে পুলিশ সদর দফতরের অনুসন্ধানে ঘটনার সত্যতা প্রাপ্তির পর সোমবার সকালে ওসি আবদুস সোবহানকে আরএমপি থেকে শিল্পাঞ্চল পুলিশে স্ট্যান্ড রিলিজ করা হয়।
সূত্রের দাবি, বোয়ালিয়া থানার সাবেক ওসি আবদুস সোবহানের নির্দেশে আকাশ, শাকিল ও রাসেল প্রায়ই পুলিশের বিভিন্ন অভিযানে বুলেটপ্রুফ পোশাক গায়ে অংশ নিতো। পুলিশের সদস্য না হয়েও ওসির তিন ওর্ডালী বয়ের পুলিশের ভূমিকা নিয়ে খোদ আরএমপির সদস্যদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল বলে জানা যায়।
সূত্র মতে, স্ট্যান্ড রিলিজ আদেশ পৌঁছার পর আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদকে বোয়ালিয়া থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে। তবে আরএমপির কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সোমবার সাংবাদিকদের বলেন, পুলিশ পরিদর্শক এসএম আবদুস সোবহানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল। তদন্তের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতর থেকে তাকে তাত্ক্ষণিক বদলির আদেশ পাঠানো হয়েছে।