পুলিশের জ্যাকেট পরে তিন অর্ডার্লিবয়ের অভিযানে অংশগ্রহণ

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ২৩:৫২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহানকে শিল্পাঞ্চল পুলিশে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ সদর দফতরের এক অফিস আদেশে এই স্ট্যান্ড রিলিজ করা হয়। এদিকে পুলিশের অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে ওসির অর্ডার্লিবয় (ফরমায়েশ খাটে) কিশোর আকাশ, শাকিল ও রাসেলের ছবি প্রকাশের ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড় চলছে।

আরএমপির একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মহনানগরীর সপুরাস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকায় জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত হাউজির (জুয়া) আসরে স্থানীয় যুবলীগ নেতা আরিফ ও তার সমর্থকদের সঙ্গে ক্রীড়া সংস্থার লোকজনের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বোয়ালিয়া মডেল থানার ওসি আবদুস সোবহানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
সূত্র জানায়, ওই অভিযানে পুলিশের সদস্যদের সঙ্গে বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে অ্যাকশনে নামে ওই তিন অর্ডার্লিবয়। গত রবিবার এই ছবি একটি জাতীয় পত্রিকায় ছাপা হয়। পরে পুলিশ সদর দফতরের অনুসন্ধানে ঘটনার সত্যতা প্রাপ্তির পর গতকাল সোমবার সকালে ওসিকে আরএমপি থেকে শিল্পাঞ্চল পুলিশে স্ট্যান্ডরিলিজ করা হয়।
সূত্রের দাবি, ওসি আবদুস সোবহানের নির্দেশে আকাশ, শাকিল ও রাসেল প্রায়ই পুলিশের বিভিন্ন অভিযানে বুলেটপ্রুফ পোশাক গায়ে অংশ নিতো। পুলিশের সদস্য না হয়েও তাদের পুলিশের ভূমিকায় নামা নিয়ে খোদ আরএমপির সদস্যদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল।

সূত্র মতে, স্ট্যান্ডরিলিজ আদেশ পৌঁছার পর আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদকে বোয়ালিয়া থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে। আরএমপির কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।