মামলার তারিখ পেছাতে চট্টগ্রামে আদালতে বোমা হুমকি!

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ২৩:৫৭

চট্টগ্রামে বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকিদাতা দু’জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন নগরীর চকবাজার থানাধীন বাদুরতলা এলাকার হারেস শাহ (র.) মাজারের খাদেম নাসির মোহাম্মদ (৪৫) ও তার শ্যালক সালাহউদ্দিন (২৫)।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে মামলা চলছে। মামলার শুনানির দিন ছিল গত মঙ্গলবার। তাদের ধারণা হয়েছিল আদালতে বোমা মারার হুমকি দেয়া হলে শুনানির তারিখ পেছানো হবে অথবা পুরো মামলাই বাতিল করা হবে। এমন ধারণা থেকেই তারা মঙ্গলবার সকালে এক আইনজীবীর মোবাইল ফোনে হুমকি দেন। হুমকি প্রদানের পর মোবাইল ফোনটি পাশের নালায় ফেলে দিয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তাদের বিশ্বাস ছিল আর কেউ তাদের ধরতে পারবে না।
তবে শেষ রক্ষা হয়নি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মহানগর গোয়েন্দা পুলিশ মোবাইল ফোনের অবস্থান সনাক্ত করার মাধ্যমে গত রবিবার রাতে নগরীর বাদুরতলা এলাকা থেকে শ্যালক ও দুলাভাইকে আটক করে। গতকাল সোমবার তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে মহানগর হাকিম মো. ফরিদ আলম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান ইত্তেফাককে এসব তথ্য জানান।

সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) মো. হাসান চৌধুরী ইত্তেফাককে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের সঙ্গে জেএমবি’র সম্পৃক্ততা পাওয়া যায়নি। রিমান্ডে নিয়ে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।