পূর্ব বিরোধের জের ধরে সোমবার যশোর শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। নিহত তরিকুল ইসলাম (২৪) শহরের বকচর হুশতলার মোজাহার আলীর ছেলে।
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় রাহিম ও আলিফ নামে তরিকুলের দুই বন্ধু তরিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে ওই দুই বন্ধু তরিকুলকে মুড়ুলি জোড়া মন্দির এলাকার ক্লাব হাউসের পিছনে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গেলে ওই দুইজন পালিয়ে যায়। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রফিকুল আরো জানান, তরিকুলের বন্ধু রাহিমের সঙ্গে সনেট নামে অপর বন্ধুর সম্প্রতি বাক বিতণ্ডা হয়। এসময় তরিকুল সনেটের পক্ষ নিয়ে কথা বলেছিল। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যশোর কোতয়ালি থানার এএসআই সোহরাব হোসেন জানান, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
