বগুড়ায় ট্রাকের চাপায় প্রভাষক নিহত

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৩:১২

বগুড়া শহরের ঢাকা-রংপুর মহাসড়কে পালশা নামক স্থানে ট্রাক চাপায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল'র (বাসদ) (কনভেনশন প্রস্তুতি কমিটি) জেলা কমিটির আহবায়ক কৃষ্ণ কমল (৪২) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। কৃষ্ণ কমল জয়পুরহাট ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি শহরের জামিলনগর থেকে বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন কমল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।