শৈলকুপায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৫:০৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া, বনগ্রাম ও কাতলাগাড়ি বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয় জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ১৬ রাউন্ড শর্টগানের গুলি ও দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচটি দোকান ও চারটি বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, উপজেলার সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সঙ্গে প্রতিদ্বন্দী পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলি টিপুর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর মধ্যে টিপুর দল ত্যাগ করে এক জন মামুনের দলে যোগ দেয়। এ নিয়ে গতকাল সোমবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। রাতে এক দফা হামলা হয়। এতে দুজন আহত হন। রাতের ঘটনার জেরে মঙ্গলবার সকালে কাতলাগাড়ি বাজারে সংঘর্ষ হয়। এতে পাঁচটি দোকানে হামলার ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষ থামাতে ১৬ রাউন্ড শর্টগানের গুলি ও দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। শর্টগানের গুলিতে ছয় জন আহত হন।

এরপর দুই দলের প্রায় ৫’শ লোক গোয়ালবাড়ে ও বনগ্রাম গ্রামে ঢাল, শড়কি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মুখোখুখি অবস্থান নেয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আহত দুই জনকে ঝিনাইদহ ও এক জনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রেফতার এড়াতে গুলিবিদ্ধরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।