নিউ ইয়র্কে দ্য অপটিমিস্টসের ফান্ড রেইজিং কনসার্ট

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৯:৩১
দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গত ১৩ বছর ধরে প্রবাসে থেকে নিরলসভাবে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন দ্য অপটিমিস্টস। সুবিধাবঞ্চিত এসব শিশুদের শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করতে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে আয়োজন করা হয় কনসার্টের। উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এই কনসার্টে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।
দ্য অপটিমিস্টস-এর সভাপতি ডা. ফেরদৌস হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অপটিমিস্টস-এর চেয়ারম্যান অধ্যাপক সারওয়ার বি. সালাম, সাবেক এমপি এম এম শাহীন, এটর্নি এইচ ব্রুস ফিশার, সালেহ আহমেদ, মাহবুব এ খুদা রুমী, এটর্নি মঈন চৌধুরী, ডা. আবদাল গাঞ্জু, আমিনুল ইসলাম খান, ছোট্ট শিশু রিহানা প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অপটিমিস্টস-এর অন্যতম কর্মকর্তা জেড এ চৌধুরী জুয়েল, যুক্তরাষ্ট্র সফররত দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক ও মূদ্রাকর মুহিবুল আহসান শাওন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো মহত্ কাজ করতে সময়ের প্রয়োজন হয় না, কাজটি শুরু করলেই হয়। তবে দলগতভাবে করলে সেই কাজটি সহজ হয়। দ্য অপটিমিস্টসও দলগতভাবে প্রবাসে থেকে দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে। বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের এই শিক্ষা কার্যক্রমে প্রবাসীদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিপার শিল্পী মাহিশা। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন ঢাকার প্রখ্যাত বাউল শিল্পী ফকির সাহাবুদ্দিনসহ এবং স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রনি ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল। সমন্বয়ক ছিলেন অপটিমিস্টস-এর ভাইস চেয়ারম্যার মিনহাজ আহম্মেদ সাম্মু।
উল্লেখ্য, বাংলাদেশের ১৮ লাখ শিশু বিদ্যালয়ের আঙিনায় পা রাখতে পারে না। প্রাথমিকে ভর্তি হওয়া শিশুদের ৫৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ে মাধ্যমিক পযার্য়ের আগেই। ৯০ শতাংশের বেশি শিক্ষার্থীর হাইস্কুল পর্যায় অসমাপ্তই থেকে যায়।‘শিক্ষা’ নাগরিকের মৌলিক অধিকার হলেও এখনও তা বিপুলসংখ্যক শিশুর নাগালের বাইরে রয়ে গেছে। ২০০০ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী এই সংস্থাটি শিক্ষাসহ শিশু অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।