গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার হাতে প্রধান শিক্ষক আহত

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ২২:০৪
 
গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহেল কবীর ফারুক খোর্দ্দকোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউর রহমান বোরহানকে যখম করেছেন। বিদ্যালয়ের পাশে গাছুরবাজার এলাকার তিনমাথার মোড়ে মঙ্গলবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রধান শিক্ষক বোরহানকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহিদুল্লাহেল কবীর ফারুক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফিরোজ কবীরের ভাই ও খোর্দ্দকোমরপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক। 
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ে ৫/৬ টি পদে লোক নিয়োগের জন্য সম্প্রতি পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহেল কবীর ফারুক তার স্ত্রীকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদানের জন্য প্রধান শিক্ষককে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরজের ধরে স্কুলের পাশে গাছুর বাজার এলাকায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাজারের একটি সেলুন থেকে ধারালো কাঁচি নিয়ে ফারুক প্রধান শিক্ষকের পিঠে আঘাত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফিরোজ কবীব বলেন, ভুলবোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
আ’লীগ নেতা শহিদুল্লাহেল কবীর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের মধ্যে এনিয়ে কথাকাটি হয়েছে। কিন্তু তিনি ছুরিকাঘাত করেননি। 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম মাহাবুবুর আলম জানান, প্রধান শিক্ষক সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাদুল্লাপুর থানার ও সি জিয়া লতিফুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগে পেলে ব্যবস্থা নেয়া হবে।