ক্রিকেটে ম্যাচ পাতানোর অপরাধে গত বছর আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছিল দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল-এ ফিক্সিংয়ের দায়ে এ শাস্তি দেয়া হয়েছিল। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে পরে ডিসিপ্লিনারি প্যানেল প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদের কাছে শাস্তি কমাতে আপিল করেন আশরাফুল। তারই প্রেক্ষিতে গত মাসে শাস্তি কমে বাংলাদেশের সাবেক অধিনায়কের। গত ২৯ সেপ্টেম্বরে শাস্তির মেয়াদ পাঁচ বছর করে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল। যার মধ্যে দুই বছর আবার ক্ষমাযোগ্য।
ডিসিপ্লিনারি প্যানেলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ২১ দিনের মধ্যে আপিল করতে হতো। সোমবার ছিল তার শেষ দিন। নিষেধাজ্ঞা শাস্তি কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার যৌথভাবে আপিল করার কথা মঙ্গলবার নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, “(শাস্তি কমানোর) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্যে সোমবার শেষ সময় ছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার সিদ্ধান্ত নেয় আইসিসি ও বিসিবি।”
আইসিসি ও বিসিবির আপিলের বিষয়ে আশরাফুলের আইনজীবি খালেদ হামিদ চৌধুরী জানান, এ বিষয়ে বিস্তারিত জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।
