রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখার ছাত্রলীগের সভাপতি প্রার্থী তরিকুল ইসলাম বাবুকে ছুরিকাঘাত করেছে দূর্বত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুরাতন ফোকলোর মাঠে এই ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ফলিত পাদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনার ছড়িয়ে পড়েছে। সৈয়দ আমীর আলী হলসহ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে রাত ১০টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী ক্যাম্পাসের পুরাতন ফোকলোর মাঠে আড্ডা শেষে হলে ফিরছিলেন। এসময় পেছন থেকে অজ্ঞাত দূর্বৃত্তরা এলোপাথারি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময় মাটিতে লুটিয়ে পড়া বাবুকে ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে রাবি মেডিক্যাল সেন্টারে পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রামেক অপারেশন থিয়েটারে তরিকুলের অস্ত্রপাচার চলছে। তার ঘাড়ে, কোমড়ে এবং বুকের বাম পার্শ্বে গুতর ছুরিকাঘাত রয়েছে। তবে কারা এই হামলায় জড়িত তা বলতে পারেনি কেউ। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছেন, হল কমিটিতে পদ পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেড় ধরে এমন ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা বাবুকে ছুরিকাঘাত করেছে এখনো জানতে পারিনি। বর্তমানে বাবু রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আছেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ক্যাম্পাসে এতো পুলিশ মোতায়েন সত্ত্বেও এমন অনাকাঙ্খিত ঘটনা সত্যিই দুঃখজনক।
