ক্লিনটন কেলেঙ্কারির পর আত্মহত্যার চিন্তা করেছিলাম:মনিকা

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১০:২১

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সাবেক শিক্ষানবিশ কর্মী মনিকা লিউনস্কি বলেছেন, প্রেসিডেন্ট বিল   ক্লিনটনের সঙ্গে রোমান্সের খবর ফাঁস হওয়ার পর তিনি আত্মহত্যার চিন্তা করেছিলেন। ঘটনার ১৬ বছর পর প্রথম প্রকাশ্যে মুখ খুলে মনিকা তার লজ্জা, হতাশা ও আত্মঘাতী হওয়ার চিন্তার কথা সবার কাছে অকপটে তুলে ধরলেন। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার।
ফিলাডেলফিয়ায় এক ফোরামে আবেগঘন বক্তৃতাকালে মনিকা বলেন, ওই খবর ফাঁসের পর ইন্টারনেটের মাধ্যমে যেসব সংবাদ ও গল্প প্রচারিত হচ্ছিল সেগুলোর কারণে ওই সময় আমি আত্মহত্যার কথা ভেবেছিলাম। তিনি বলেন, কম্পিউটারের পর্দায় লেখাগুলো দেখে ‘ও ঈশ্বর’ বলে চিত্কার করতাম। তখন কেবল ভাবতাম ‘আমি মরতে চাই’। সোমবার সন্ধ্যায় আয়োজিত ফোর্বস থার্টি আন্ডার থার্টি সম্মেলনে ৪১ বছর বয়সী মনিকা জানান, সে কারণে সাইবার নিপীড়নের শিকার যারা তাদের রক্ষায় তিনি এগিয়ে আসতে চান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে যৌন কেলেংকারির খবর প্রকাশের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি নিজেই হাসি ঠাট্টার শিকার হয়ে আসছেন। এখন থেকে যারা এ ধরণের নিপীড়নের শিকার হবেন তাদের পাশে দাঁড়াবেন তিনি। মনিকা বলেন, এক দশক আগে যে ধরণের ঠাট্টা তামাশা ও হয়রানি তার জীবনকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল সে ধরণের পীড়নের শিকার যারা তাদের সাহায্যে তিনি এগিয়ে আসবেন। মনিকা আরো বলেন, ইন্টারনেট যুগের একেবারে প্রথম দিক হলেও তিনি তীব্রভাবেই সাইবার পীড়নের শিকার হয়েছেন। ক্লিনটনের সঙ্গে জড়িয়ে পড়ার ঘটনা নিয়ে ঘরে ঘরে তাকে নিয়ে হাঁসি-তামাশা চলতো। উল্লেখ্য, ক্লিনটনের সঙ্গে মনিকার সম্পর্কের খবর ১৯৯৮ সালে ডু্রর্জ রিপোর্টে প্রথম প্রকাশিত হয়। পরে এটি বিশ্বের সকল সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হয়ে ওঠে। ওই বছর প্রতিনিধি পরিষদে ক্লিনটন অভিশংসনের শিকার হলেও সিনেটে রেহাই পেয়ে যান। কিন্তু মনিকা লিউনস্কিকে এখনো সেই কেলেংকারির বোঝা বহন করতে হচ্ছে।