বিকৃতি যৌনাকাঙ্ক্ষার বলি মাদ্রাসা ছাত্র, বাবুর্চি গ্রেফতার

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১০:৪১

বৃিকত যৌনাকাঙ্ক্ষা চরিতার্থ করতে না পেরে মাদ্রাসা ছাত্র আবু রায়হানকে (১০) বটি দিয়ে গলাকেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদ্রাসার বাবুর্চি শাহ আলমকে গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান। গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জের তাহফিজুল নুরানি হাফেজি মাদ্রাসার হোস্টেলের রান্নাঘর থেকে আবু রায়হানের লাশ উদ্ধার করে পুলিশ। সে কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে।
এসপি হাবিবুর রহমান বলেন, রায়হান ও তার বড় ভাই রনি মাদ্রাসায় একই সাথে ঘুমায়। গত রবিবার দিবাগত রাত একটার দিকে রায়হান ঘুম থেকে উঠে বাথরুমের দিকে যাচ্ছিল। এ সময় বাবুর্চি শাহ আলম তাকে জাপটে ধরে তার রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে প্রলোভন দেখিয়ে বলাত্কার করার চেষ্টা করা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে রায়হানের মুখ চেপে ধরে রান্না ঘরে নিয়ে যায়। সেখানে চিত্কার করলে বুকের উপর বসে বটি দিয়ে তার গলা কাটে। এরপর নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তিনি আরো জানান, শাহ আলম অন্য মাদ্রাসায় থাকতেও বিকৃত যৌনাচার করেছে। ছয় মাস আগে এই মাদ্রাসায় চাকরিতে ঢোকার পর একবার রায়হানকে বলাত্কার করার চেষ্টা করেছিলো।