স্কুল ছাত্রীর আত্মহত্যা, বাবা আটক

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৬:১০
 
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা গ্রামে বুধবার সকালে লায়লা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি ওই গ্রামের হিরো মিয়ার মেয়ে এবং সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বাবার মারধরের শিকার হয়ে লায়লা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।
অন্যদিকে, স্থানীয়রা বাবার নির্যাতন সহ্য করতে না পেরে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে অভিযোগ করে হিরো মিয়াকে পিটুনি দিয়ে নিজ বাড়িতে আটকে রাখে পুলিশে দিয়েছে।
সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) এমএ হক জানান, হিরো মিয়া ভ্যান-রিক্সা চালান। পাঁচ মাস আগে তার স্ত্রী এক মেয়ে ও এক ছেলেকে বাড়ি রেখে বিদেশে (বাহরাইন) গেছেন। মঙ্গলবার বাবার কাছে না বলে পকেট থেকে লায়লা টাকা নেন। এতে হিরো মিয়া মেয়েকে বকাবকি ও মারধর করেন। এরপর রাতে নিজ ঘরে লায়লাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুজি করতে থাকেন। বুধবার সকালে লায়লাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।