মেসি-নেইমারের গোলে বার্সার জয়

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৬:৩৬
 
 
লিওনেল মেসি ও নেইমারের গোলে চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স আমস্টার্ডামকে হারিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ক্যাম্প নউতে অনুষ্ঠিত খেলায় ৩-১ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের দল।
খেলার সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মেসির বানানো বলে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। ২৪ মিনিটে ইনিয়েস্তার ডিফেন্সচেরা পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি মেসি। ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
প্রথমার্ধে গোলের ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি আয়াক্স। বার্সার গোলে প্রথম শটই তারা নিতে পারে ৪০তম মিনিটে। 
দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ খেলার পরেই নেইমার, মেসি ও ইনিয়েস্তাকে তুলে নেন কোচ লুইস এনরিকে। এরপর মাঠের লড়াইয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়ে বার্সা। চাপ সৃষ্টি করতে থাকে আয়াক্স। ৮৮ মিনিটে এল গাজীর গোল এনরিকের দুঃচিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু যোগ করা সময়ে নেইমারের বদলি খেলোয়াড় সান্দ্রোর গোলে নির্ভার হন বার্সা কোচ।
তিন ম্যাচে দুটি জয় আর এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।