আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গড়ি বহরে হামলা মামলার আসামি যুবদল নেতা জহুরুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর চারটার দিকে কলারোয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তিনি কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলার দরবাসা গ্রামের ইউনুস আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) শেখ শফিকুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোরে তার বড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গত ২০০২ সালে কলারোয়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা করা হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে চলতি বছরের ১৫ অক্টোবর একটি মামলা (নং-১৪,তারিখ-১৫/১০/২০১৪ইং) দায়ের করেন। ঐ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জহুরুল ইসলামকে গ্রেফতার করা।
তিনি আরো জানান, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে তার রিমান্ডের আবেদন জানানো হবে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে কলারোয়ার উপর দিয়ে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলার বিএনপি অফিসার সামনে তার গাড়ি বহর হামলার শিকার হয়।
