গাজীপুরে চাচাকে পিটিয়ে হত্যা

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৭:২৭
 
 
 
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাতিজার মারধরে ইমরান হোসেন (৪০) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়াও এ সময় মারধরের শিকার হন নিহতের স্ত্রী, দুই মেয়ে ও জামাতাসহ চারজন। নিহত ইমরান হোসেন (৪০) শ্রীপুর উপজেলার মাধখোলা  গ্রামের শামসুদ্দিন ওরফে ফালু’র ছেলে। তিনি স্থানীয় ইসরাত স্পিনিং মিলে ইলেক্ট্রিশিয়ান পদে চাকরি করতেন।
মঙ্গলবার বিকালে ইমরানের জমিতে রাস্তা নির্মাণ করতে যান তার বড় ভাই সুলতান উদ্দিন। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতানের দুই ছেলে ইমন ও রিপন লাঠি দিয়ে ইমরানকে বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হন ইমরান। তাকে রক্ষা করতে এসে তার স্ত্রী শিল্পী আক্তার (৩৪), মেয়ে সাথী আক্তার (২১) ও তার স্বামী জোবায়ের (২৪) এবং শিল্পীর বড় বোন শিরিনা আক্তার (২৩) হামলার শিকার হন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ইমরানকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে।
শ্রীপুর মডেল থানার এসআই মাহাবুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পরপরই সুলতান উদ্দিনের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে।