রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের নারী শাখা ইসলামী ছাত্রী সংস্থার সদস্য সন্দেহে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুন্নজান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থীর নাম সৈয়দা রোকসানা মিতু। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মুন্নজান হলের ২২৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মুন্নুজান হলের গেটে ভর্তিচ্ছুদের সহযোগিতার উদ্দেশ্যে টানানো ‘মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডে’র সাটানো একটি পোস্টার ছিড়ছিলেন মিতু। এ সময় রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সরকার ফারহানা আকতার তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে প্রথমে তাকে হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে পরে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সরকার ফারহানা আকতার বলেন, ‘ঐ শিক্ষার্থী ইসলামী ছাত্রী সংস্থার কর্মী হিসেবে ক্যাম্পাসে নাশকতার পরিকল্পনা করছিল। এ কারণে তাকে ধরে পুলিশে দেয়া হয়েছে।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘ইসলামী ছাত্রী সংস্থার সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
