হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১১:৪৯
 
মেহেরপুর জেনারেল হাসপাতালের টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মা ও শিশু ওয়ার্ডের টয়লেট লাশি উদ্ধার করা হয় ।
জানা গেছে, সকালে হাসপাতালের তৃতীয় তলায় মা ও শিশু ওয়ার্ডের টয়লেট পরিষ্কার করতে যান কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। এসময় টয়লেটের প্যানের মধ্যে তারা নবজাতকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে  পাঠিয়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, হাসপাতালের হয়তো কারো গর্ভপাত ঘটিয়ে মরদেহটি টয়লেটে ফেলে দেয়া হয়। এমন অবৈধ গর্ভপাতের ঘটনা মাঝে মধ্যেই হাসপাতালে ঘটে বলে অভিযোগ স্থানীয় মানুষের। 
হাসপাতালে ভূমিষ্ট হওয়া কোন শিশুর মরদেহ এটি নয় দাবি করে জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ বিপুল কুমার বিশ্বাস। তিনি জানান, গত কয়েকদিনের মধ্যে ভূমিষ্ট হওয়া শিশুদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তারা বর্তমানে কোথায় আছে তা খতিয়ে দেখা হচ্ছে। 
সদর থানার উপপরিদর্শক শাহাদত হোসেন জানান, মরদেহটি দুই থেকে তিনদিন আগে ঘটনাস্থলে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জীবিত না মৃত অবস্থায় ফেলা হয়েছে এবং মৃত্যুর কারণ কি তা জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।