আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের মেয়াদ আরো একমাস বাড়িয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত করার দাবি জানিয়েছে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে একটি পত্রও দেয়া হয়েছে। অবশ্য ইতিমধ্যে সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। আর এনবিআর চেয়ারম্যান সমপ্রতি এক অনুষ্ঠানে বলেছেন, রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না।
বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ ও দুর্গাপূজা উত্সব উপলক্ষে গত ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অফিস প্রায় বন্ধ ছিল। এছাড়া চলতি কর বর্ষের পরিপত্র দেরিতে প্রাপ্তি, ই-টিআইএন সংগ্রহে জটিলতা, সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি এবং দেশের অর্থনৈতিক প্রতিকূল অবস্থার কারণে করদাতাদের পক্ষে আয়কর রিটার্ন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয় নি। এ জন্য রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর দরকার।
ইতিমধ্যে একমাস সময় বাড়িয়ে আগামী ২ নভেম্বও পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।গত অর্থবছরে ১২ লাখের কিছু বেশি করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। এ বছর এখন পর্যন্ত প্রায় ৭ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন বলে এনবিআর সূত্রে জানা গেছে।
