আজমলের পূনর্বাসন সময় বাড়লো

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ২০:১৮



বোলিং অ্যাকশন শুদ্ধিকরণের চূড়ান্ত পরীক্ষা দেয়ার আগে আরো ১৫ দিন সময় পেলেন সাঈদ আজমল। এ সংক্রান্ত এক মিটিংয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য জানিয়েছে। সাকলাইন মুশতাকের অধীনে অনুশীলন করে এই বাড়তি সময়টুকু কাজে লাগাবেন নিষিদ্ধ হওয়া এই স্পিনার।
স্বাধীন বোলিং কোচ হিসাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্পিনারদের নিয়ে কাজ করে যাওয়া সাকলাইনের অধীনেই অ্যাকশন সংশোধনের কাজ শুরু করেছেন আজমল। প্রাথমিক অবস্থায় ১৫ দিনের জন্য সাকলাইনকে চুক্তিবদ্ধ করলেও এবার সেটা আরো ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এ মাসের ২৪ তারিখ শেষ হবে চুক্তি। এরপর ইংল্যান্ডে একটি নিরপেক্ষ বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা দিতে হবে আজমলকে। ঐ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাজে আনুষ্ঠানিক পরিক্ষণের জন্য আবেদন করতে পারবেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই বোলার।
পিসিবি ক্রিকেট কমিটি চেয়ারম্যান শাকিল শেখ জানান, এ পর্যন্ত আজমলের যতটুকু উন্নতি হয়েছে তাতে সন্তুষ্ট তারা। বোর্ড সভাপতি শাহরিয়ার খান এবং সাবেক সভাপতি নাজাম শেঠির উপস্থিতিতে অনুষ্ঠিত মিটিং শেষে শাকিল বলেন, ‘আজমল দ্বিমাত্রিক প্রযুক্তির অধীনে এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমী) পরীক্ষা দিয়েছে। সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করেছি আমরা। শুদ্ধিকরণ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পরে একটি আর্ট ল্যাবে ত্রিমাত্রিক প্রযুক্তিতে তার পরীক্ষা নেয়া হবে।’