পাঁচ দিন পর সিলেটের বালাগঞ্জ উপজেলার মসজিদের ইমাম আব্দুল হামিদ ওরফে কালা হুজুর (৫৫) ও সিএনজি অটোরিকশাচালক আরশ আলীর (৩০) লাশের খোঁজ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বালাগঞ্জ সদর ইউনিয়নের ইলাশপুর ফিরোজ ভিলার বাথটাবের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মসজিদের ইমাম ও খতিব আব্দুল হামিদ ওরফে কালা হুজুরের শ্যালিকা আফিয়া বেগমের বাড়ির বাথটাবের নিচ থেকে লাশ দুটি উদ্ধার হয়। লাশ উদ্ধারের পর এলাকাবাসী আক্রমণের চেষ্টা করলে পুলিশ বাড়িটি ঘিরে রাখে। লাশ উত্তোলনের পর সন্ধ্যায় জেলা পুলিশ সুপার নূরে আলম মিনাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।
এ দিকে, সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি শাখাওয়াতুল ইসলাম ঘটনাস্থল থেকে রাতে ইত্তেফাককে জানান— পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশ দুটি পোস্টমর্টেমের জন্য ওসমানী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
বালাগঞ্জের পূর্ববাজার জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল হামিদ ওরফে কালা হুজুর এবং উপজেলার কাশিপুর গ্রামের সিএনজি অটোরিকশাচালক আরশ আলীকে হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা লাশ দুটি বাসার বাথটাবের নিচে গর্ত করে মাটি চাপা দিয়ে উপরে টাইলস লাগিয়ে দেয়। লাশ উদ্ধারের পর হাজার হাজার লোক বাড়িটি ঘিরে দাঁড়ায়।
পুলিশ এ ঘটনায় গৃহকত্রী আফিয়া বেগম (৪০), তার ছেলে মারজানুল আলম শিমুল (২২), শাকিল আহমদ (২০) ও মেয়ে শারমিনকে (১৮) আটক করেছে। গৃহকত্রীর স্বামী ফিরোজ আলী সৌদি প্রবাসী বলে জানা গেছে।
সিলেটের পুলিশের কর্মকর্তারা জানান— নৈতিক ও চারিত্রিক স্খলনজনিত কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে শুনা যাচ্ছে। পুলিশ এ ঘটনায় ওই পরিবারের ৪ সদস্যকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়— গত শনিবার থেকে মসজিদের ইমাম ও সিএনজি অটোরিকশা-চালক নিখোঁজ ছিলেন। বিষয়টি পত্রপত্রিকায় রিপোর্ট হলে একপর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয় যে, তাদেরকে হত্যা করে বাসার বাথরুমের বাথটাবের নিচে চাপা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বিপুল পুলিশ সেখানে গিয়ে বাথটাবের নিচ থেকে লাশ উদ্ধার করে। এ সময় লোকজন বাড়িটি আক্রমণের করতে উদ্যাত হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
শনিবার রাত ১০টার দিকে বালাগঞ্জ পূর্ববাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল হামিদ ওরফে আব্দুস শুকুর কালা হজুর বালাগঞ্জ বাজার থেকে সিএনজি অটোরিকশা যোগে তাজপুরের দিকে যাচ্ছিলেন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার ভোর ৬টার দিকে ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের কাজীরগাঁও এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেছে।
