বরিশালে কষ্টিপাথরের ২ মূর্তি উদ্ধার, আটক ২

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ২৩:৩১

বৃহস্পতিবার রাতে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং দু’জনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যাক্তিরা হলেন- আগৈলঝাড়ার রাজিয়ার বাজার এলাকার নজরুল ইসলাম রতন (৪২) ও গৌরনদী বাটাজোরের লক্ষণকাঠীর লিটন মিয়া (৩৫)।

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তির মধ্যে একটি শিবলিঙ্গ। যার ওজন সাড়ে ২৪ কেজি। অপরটি বিষ্ণুমূর্তি। যার ওজন সাড়ে ৬ কেজি।
অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-৮’র ১নং কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার সাংবাদিকদের বলেন, “গোপন খবরের ভিত্তিতে আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ নজরুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গৌরনদী থেকে আটক করা হয় লিটনকে। তার কাছ থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।”