মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের হায়দার আলী নামে এক কৃষকের বাড়ি থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর ছয়টার দিকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে। পরে বোমাগুলো পানি-বালি ভর্তি পাত্রে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে মুজিবনগর থানায় নেয়া হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের হায়দার আলীর বাড়িতে শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ঘরের পাটকাঠির মাচানের নিচ থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি বোমা উদ্ধার করে। হায়দার আলীকে ফাঁসাতে প্রতিপক্ষের কেউ বোমাগুলো রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে মুজিবনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
