লতিফ সিদ্দিকীর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ বাতিল

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ২২:১২



মহানবী (সা.) ও হজ নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিতর্কিত হওয়া আবদুল লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যের পদ থেকে বহিষ্কার করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক  শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, আবদুল লতিফ সিদ্দিকী সম্প্রতি একটি বক্তব্য দিয়ে দেশের মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়ায় আওয়ামী লীগ তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।
সৈয়দ আশরাফ আরো বলেন, এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে এই সংক্রান্ত একটি শোকজ পত্র দেয়া হয়েছিল। তিনি এই শোকজপত্রের যে জবাব দিয়েছেন তা দলের কেন্দ্রীয় সংসদের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।