গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমে গেছে। গেল সপ্তাহে লেনদেন কমেছে প্রায় ৩২ শতাংশ। এ দিকে, বাজারে নিম্নমুখী প্রবণতা থাকলেও গত কয়েক দিন ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালানি খাতের শেয়ারগুলো দরবৃদ্ধিতে এগিয়ে রয়েছে। লেনদেনের শীর্ষ তালিকাতেও এ খাতের কোম্পানিগুলো উঠে আসছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহ শেষে জ্বালানি খাতের চার কোম্পানি সর্বোচ্চ লেনদেনের তলিকায় রয়েছে। সর্বোচ্চ দাম বৃদ্ধির তালিকাতেও রয়েছে এ খাতের তিনটি কোম্পানি।
ডিএসইর তথ্য অনুযায়ী— মবিল যমুনা গেল সপ্তাহে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রয়েছে। এ সময় কোম্পানিটির ১৪৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ২৩ শতাংশ কম। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা তিতাস গ্যাসের লেনদেন হয়েছে ১১৩ কোটি ৮৩ লাখ টাকা। তবে আগের সপ্তাহের তুলনায় এ কোম্পানিরও লেনদেন কমেছে। এ সময়ে লেনদেন কমেছে ৫ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা খুলনা পাওয়ারের লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে। আর যমুনা অয়েলের লেনদেন বেড়েছে দশমিক ৩২ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে— জ্বালানি খাতের বেশির ভাগ কোম্পানির অর্থবছর শেষ হয়েছে জুন মাসে। এ জন্য কোম্পানিগুলো শিগগির লভ্যাংশ ঘোষণা করবে। এরই মধ্যে দুটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। তাই ভালো লভ্যাংশ পাওয়ার প্রত্যাশায় জ্বালানি খাতের শেয়ারে বিনিয়োগকারীরা ঝুঁকছেন।
এ দিকে, গেল সপ্তায় সবচেয়ে বেশি দরপতনের তালিকায় এসেছে বিমা খাতের ৩ কোম্পানির নাম। কোম্পানিগুলো হলো— পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহের ব্যবধানে পদ্মা লাইফের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৩৪ শতাংশ। প্রতিদিন গড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে ৫৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার। পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৮২ শতাংশ।
