চট্টগ্রামে বাস ভাঙচুর

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ০২:০৭

শনিবার বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় ছাত্রলীগের কর্মীরা একটি বাস ভাঙচুর করেছে। চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক সাংসদ প্রয়াত রফিকুল আনোয়ারের স্মরণসভায় যাওয়ার সময় এই ঘটনা ঘটে। নগরের শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও ঘটনার ভোগান্তির মুখে পড়া ব্যক্তিরা জানান, শনিবার মোটরসাইকেল ও ট্রাকে করে যাচ্ছিল ছাত্রলীগের কর্মীরা। এ সময় মোটরসাইকেলের সঙ্গে নগর পরিবহনের একটি বাসের সামান্য ধাক্কা লাগে। এ সময় ট্রাক থেকে নেমে ছাত্রলীগের কর্মীরা লাঠি দিয়ে বাসটি ভাঙচুর করে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জানান, নগরের মুরাদপুর এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তবে সে রকম কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।