জয়পুরহাটের কালাই উপজেলার বৈরাগীর হাটে সাইথপোল নামে একটি হিমাগারে শনিবার রাতে ডাকাতি হয়েছে। এসময় সেখানকার ছয় কর্মচারীকে গুলি করে সাড়ে ১০ লাখ টাকা লুট করা হয়েছে। গুলিবিদ্ধদের বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন-সিরাজুল ইসলাম(৪৩), মোজাম্মেল হক (৩২), শাহ আলম (৩৩), আব্দুল আহেদুল (৩৪), মামুনুর রশিদ(৪৫) এবং ফারজানা বেগম (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দুইটার দিকে ১৫/২০ জন ডাকাত হিমাগারের অফিস কক্ষে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ সাড়ে ১০ লাখ টাকা লুট করে এবং অফিসের আসবাবপত্র ও কাগজপত্র তছনছ করে। এসময় হিমাগারের কর্মচারীরা তাদের বাধা দিলে ডাকাতদল তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এতে ছয়জন গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এবং পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকের সাথে যোগাযোগ করলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।
