নবাবগঞ্জে ডাকাতের গুলিতে প্রবাসীর মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৫:০২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুখোশ পরিহিত অস্ত্রধারী একদল ডাকাতের গুলিতে শহিদ খান (৩৯) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শহিদ খান গত দেড় মাস আগে কর্মস্থল সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন। তিনি ওই গ্রামের মৃত বাহাদুর খানের ছেলে।
প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ১৫/২০ জনের একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাত প্রবাসী শহিদ খানের বাড়িতে হানা দেয়। কাঠের দরজা ভেঙে ডাকাতদল ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা প্রবাসী শহিদ খান ও তার স্ত্রী হামিদা বেগমকে লাঠি দিয়ে বেদম প্রহার করে।
এক পর্যায়ে ডাকাতদলের একজনের মুখোশ খুলে গেলে শহীদ খান তাকে চিনতে পারে। এ সময় ডাকাতদল হাতে থাকা আগ্নেয়াস্ত্র শহিদের বুকে ঠেকিয়ে গুলি করে। গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। স্বজনরা গুরুতর অবস্থায় শহিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোরের দিকে নবাবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতা তা খতিয়ে দেখা হচ্ছে।’
কেরাণীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শহীদুল ইসলাম বলেন, ‘হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।’