রাজধানীতে হরতালে তেমন প্রভাব পড়েনি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৮:৩০
 
রাজধানীতে কয়েকটি ইসলামী দলের ডাকা রবিবার হরতালের তেমন কোন প্রভাব পড়েনি। নগরবাসীর জীবনযাত্রা ছিল অনেকটাই স্বাভাবিক। দু’একটি স্থানে হরতাল সমর্থনে মিছিলের চেষ্টা করে হরতাল সমর্থকরা। তবে পুলিশের বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। সকালের শুরুতে রাজপথে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। অটোরিকশা ও রিকশা চলেছে স্বাভাবিক সময়ের মতোই। উল্লেখযোগ্য সংখ্যক প্রাইভেট কারও চলাচল করেছে।
অধিকাংশ দোকানপাট খোলা ছিল, ব্যাংকে স্বাভাবিক লেনদেন হয়। ফার্মগেট, পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব, মতিঝিল, মগবাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ অনেক স্থানে স্বাভাবিক দিনের মতো যানজটের সৃষ্টি হয়।
ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় রাজধানী থেকে দূর পাল্লার রুটে কোন পরিবহন ছেড়ে যায়নি। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক প্রহরায় ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হরতালের আগের দিন সন্ধ্যা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে রাজধানীতে বিজিবিও নামানো হয়।
হজ নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে গতকাল সারা দেশে সম্মিলিত ইসলাম দলসমূহের ব্যানারে এ হরতাল আহ্বান হয়। হরতালের নৈতিক সমর্থন জানায় জামায়াত। তবে হরতালে জামায়াতের কোন কর্মীকেও মাঠে নামতে দেখা যায়নি।  সকালে মিরপুরের পল্লবী ও পুরান ঢাকার দুই একটি স্থানে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করে ইসলামী দলগুলোর কর্মীরা। তবে সংশ্লিষ্ট থানা পুলিশ বাধা দিয়ে তাদের সরিয়ে দেয়।  
 
হরতালবিরোধী মিছিল-সমাবেশ নিয়ে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ
এদিকে রাজধানীতে হরতাল সমর্থকদের দেখা না মিললেও হরতালবিরোধী মিছিল সমাবেশের মাধ্যমে রাজপথে সোচ্চার ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংঠনের নেতৃবৃন্দ। সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী মিছিল করে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট। একই স্থানে মানববন্ধন ও সমাবেশ করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ২৩টি সংগঠন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী পথসভা করে।
এরপর বেলা সাড়ে ১১টায় একই স্থানে হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবলীগ নেতা মহিউদ্দিন মহি, মাইনুদ্দিন রানা, রেজাউল করিম রেজা প্রমুখ।
এছাড়া স্বেচ্ছাসেবক লীগ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করে।