১ লাখ টন ইউরিয়া আমদানি প্রস্তাব অনুমোদন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ২০:৩৭
 
এক লাখ টন ইউরিয়া সার আমদানি, সিভিল এভিয়েশনের আধুনিকায়নে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ ও ব্রুনাই থেকে ৬০ হাজার টন গ্যাস অয়েল আমদানিসহ ১২টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ২৫ হাজার টন করে এক লাখ টন ইউরিয়া সার আমদানির চারটি প্রস্তাব রয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ৫০ হাজার টন করে এ সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ২৬৯ কোটি ৯৫ লাখ টাকা।
এছাড়া সিভিল এভিয়েশনের আধুনিকায়নে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগে ২৩ কোটি ৬২ লাখ টাকা এবং  ব্রুনাই থেকে ৬০ হাজার টন গ্যাস অয়েল আমদানিতে ৪০০ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
এর আগে একই স্থানে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পিপিপি’র আওতায় চট্টগ্রামে এলপিজি বোতল প্লান্ট স্থাপনসহ রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দরপত্র আহবান ছাড়াই ইউক্রেন থেকে সরকারি পর্যায়ে আড়াই লাখ মেট্রিক টন গম আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়।
যুগ্ম সচিব জানান, ক্রয় কমিটির বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবের মধ্যে এডিবি’র অর্থায়নে রেলওয়ের জন্য ২শ’টি মিটার গেজ ও ১০০টি ব্রড গেজ প্যাসেঞ্জার ক্যারেজ ক্রয়ের দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭২৯ কোটি ১৮ লাখ টাকা। 
তিনি আরো জানান, এছাড়া ঢাকা পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পের জন্য নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের বর্ধিত কাজ ও সময়ের জন্য ১০৯ কোটি ৩৫  লাখ টাকার সংশোধিত ক্রয় প্রস্তাব এবং ৩৮৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে।