ঢাকা-চট্ট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্টে রবিবার রাত সাড়ে ৯ টায় পুলিশের পিকাপ ভ্যান দুর্ঘটনায় ছয় পুলিশ আহত হয়েছে। আহত পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ এবং এসআই মনিরুজ্জামান, কনস্টেবল আল মামুন, আয়নাল হক, চালক আবু সিদ্দিককে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং কনস্টেবল ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভিআইপি ডিউটির জন্য দাঁড়িয়ে থাকা গজারিয়া থানা পুলিশের পিকআপ ভ্যানটিকে পেছন থেকে আসা ঢাকাগামী মালবাহী ট্রাক সজরে ধাক্কা দিলে পিকআপটি ছিটকে মহাসড়কে পাশে গাছের সঙ্গে লেগে দুমড়ে-মুচড়ে যায়।
গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে গজারিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।
