গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১২:৩৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রবিউল ইসলাম নামে আওয়ামী লীগ’র এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিউল উপজেলার তেঘড়া গ্রামের আনছার আলীর পুত্র।

গোবিন্দগঞ্জের বৈরাগী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মিজান জানান, একটি পুকুর নিয়ে প্রতিবেশীর সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল রবিউলের। এ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদি রাসেল পরিবারের বরাত দিয়ে জানান, ‘‘রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কামদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড’র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল বাড়ী থেকে দুই কিলোমিটার দূরে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট বাজার থেকে পায়ে হেঁটে বাড়ী ফিরছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালপাড়া কাঁচা রাস্তা কৈলাশটিকর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে ধারাল অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে স্থান ত্যাগ করে। চিৎকার শুনে এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।’’

তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ রাত থেকেই অভিযান অব্যাহত রেখেছে।