জয়ের দেখা পেল বাংলাদেশ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৭:৪৩
 
ছোট লক্ষ্য, বড় ধাক্কা। অবশেষে জয়। জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের লক্ষ্যে মাঠে নেমে প্রথমেই ধসে পড়ে স্বাগতিকদের ব্যাটিং দেয়াল। একে একে প্রথম সারির তিন ব্যাটসম্যান তামিম-মুমিনুল-শুভ শূন্য রানে সাজঘরে ফেরেন। সাকিব-মাহমুদুল্লাহ ভালো একটি অবস্থানে নিয়ে যান দলকে। দলীয় ৪৬, ব্যক্তিগত ১৫ রানে আউট হন সাকিব।
দলীয় ৬২ ব্যক্তিগত ২৮ রানে মাহমুদুল্লাহ ঘরে ফেরেন। এরই মধ্যে কোনো রান যোগ হতে না হতেই আউট হন শুভাগত। দর্শকদের চোখে মুখে কালো মেঘ, আশঙ্কা! মাত্র ১০১ রানের লক্ষ্য, তাও পারবে না টাইগাররা। কিন্তু এই শঙ্কাকে দূর করে দলকে এগিয়ে নেন মুশফিক।  শাহদাত যখন ১১ রানে আউট হন তখন দলের সংগ্রহ ৮৪ রান।
মুশফিক ২৩ ও তাইজুল ১৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। তখনও তিনি উইকেট হাতে থাকে স্বাগতিকদের।
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতে তাইজুলের আঘাতে ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে একাই ৮ উইকেট নেন তাইজুল। এছাড়া শাহাদাত ও সাকিব একটি করে উইকেট নেন। বাংলাদেশের পক্ষে কোনো বোলারের এক ইনিংসে ৮ উইকেট নেয়ার ঘটনা এটাই প্রথম।
এরআগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল ২৪০, স্বাগতিকরা করেছিল ২৫৪ রান। প্রথম ইনিংসে সাকিব নেন ৬ উইকেট। মুমিনুল, মাহমুদুল্লাহ ও মুশফিক পেয়েছিলেন অর্ধশতক।