ভারতকে হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের ৫ নম্বরে পাকিস্তান

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৫:১৭



দুবাই টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে র‌্যাংকিংয়ে এক ধাপ উপড়ে উঠে এসেছে পাকিস্তান। আর এক ধাপ অবনমন হয়েছে ভারতের। আইসিসির দেয়া বিবৃতিতে বলা হয়, ‘দুবাই টেস্টে পাকিস্তানের জয়ের ফলে তারা কেবলমাত্র ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের পঞ্চম স্থান দখল করেছে তা-ই নয়, এর ফলে অস্ট্রেলিয়ার শীর্ষ স্থান দখলের স্বপ্নও বড় ধরনের ধাক্কা খেয়েছে।’

দুই ম্যাচ সিরিজে দুবাই টেস্টে অস্ট্রেলিয়াকে ২১১ রানে পরাজিত করে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান দল। এই জয়ের ফলে চির প্রতিদ্বন্দ্বি ভারতকে হটিয়ে আইসিসি র‌্যাংকিংয়ের পঞ্চম স্থান দখল করল পাকিস্তান। ফলে এক ধাপ অবনমন হয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল ভারত।

দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করতে হলে পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টেই জয়ী হতে হতো অস্ট্রেলিয়াকে। এখন আবু ধাবি টেস্টে জয়ী হতে পারলে অর্থাৎ ১-১ ব্যবধানে সিরিজ শেষ করতে পারলে দক্ষিণ আফ্রিকার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থাকতে পারবে অস্ট্রেলিয়া। পক্ষান্তরে দ্বিতীয় টেস্টেও জয়ী হতে পারলে ইংল্যান্ড, শ্রীলংকা এবং ভারতকে পিছনে ফেলে র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠে আসবে পাকিস্তান।

তবে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করলে ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকছে পাকরা। তবে আবু ধাবি টেস্ট ড্র হলে পাকিস্তান চতুর্থ স্থানে উঠে আসবে। খবর বাসসের।