শিল্প মন্ত্রণালয়ে ই-ফাইলিং পদ্ধতি চালুর উদ্যোগ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৮:৩০
 
উদ্যোক্তাদের দ্রুত প্রয়োজনীয় সেবা দিতে মন্ত্রণালয়ের সকল স্তরে ই-ফাইলিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ইতোমধ্যে দু’টি শাখায় পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে গোটা মন্ত্রণালয়ে ই-ফাইলিং পদ্ধতি চালু হবে।
সদ্য যোগদানকৃত শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে গত পাঁচ বছরে শিল্প মন্ত্রণালয়ের অর্জন ও ভবিষ্যত্ উন্নয়ন কর্মপরিকল্পনা’ শীর্ষক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গত ২০০৯ সাল থেকে শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন অর্জন সম্পর্কে এ সভায় আলোকপাত করা হয়। সভায় জানানো হয়, জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান বাড়াতে শিল্প মন্ত্রণালয় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে।
এর মাধ্যমে ২০২১ সালের মধ্যে জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশের পাশাপাশি শিল্পখাতে শ্রমশক্তি ২৫ শতাংশে উন্নীত করা হবে। ২০১৩-১৪ অর্থবছরের জিডিপিতে শিল্পখাতের অবদান প্রায় ৩২ শতাংশ এবং শ্রমশক্তির পরিমাণ ২০ শতাংশে উন্নীত হয়েছে। এ সময় ভারত, ডেনমার্ক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বেলারুস ও কম্বোডিয়ার সাথে দ্বি-পাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ উদ্দিন, সিনিয়র সহকারী সচিব সলিম উল্লাহসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা এবং এর আওতাধীন বিভিন্ন কর্পোরেশন ও সংস্থার প্রধানরা আলোচনায় অংশ নেন।