পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৯:২১
 
 
 
 
জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পাঁচবিবি-হিলি সড়কের কোকতারা (ঠাকুরবাড়ী) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সাব্বির উপজেলার কোকতারা গ্রামের আলম হোসেনের ছেলে এবং নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির স্কুল থেকে পিএসসির মডেল টেস্ট দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় জয়পুরহাট থেকে হিলিগামী একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।