গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ১১:৫২
গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করেছে স্বামী। পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্বামী রকিবুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূ নাজমুল নাহার (২৮) রাজশাহী সিটি কর্পোরেশনের বোয়ালিয়া থানার মেহেরচন্ডীপূর্বপাড়া পদ্মা আবাসিক এলাকার গোলাম জিলানীর মেয়ে।
জয়দেবপুর থানার এসআই আর্শাদ জানান, ওই দম্পতি দক্ষিণ ছায়াবীথি এলাকার অ্যাডভোকেট শমিম ভূইয়ার বাড়িতে প্রায় পাঁচ মাস ধরে ভাড়া থাকেন। বাসা পরিবর্তন করতে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে একটি পিকাপভ্যানে মালামাল ওঠানো শুরু করা হয়। পিকাপে লেপ-তোষক ওঠনোর সময় দুর্গন্ধ বের হলে বাড়ির মালিকসহ গাড়ির চালক হেলপাররা রকিবুলকে জিজ্ঞাসাবাদ করে এবং এক পর্যায়ে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশে খবর দেয় তারা।
নাজমুল নাহারের গলা ও ডান পা কাটা রয়েছে। মুখের মধ্যে ওড়না গুজা অবস্থায় দু’পা বাঁধা ছিল। তাকে ২/৩ দিন আগে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী রকিবুলকে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে। তার বাড়ি নরসিংদীর মনোহরদী এলাকায়।