নবাবগঞ্জে বসত ঘরে আগুন: চিকিৎসার টাকা পুড়ে ছাই

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ১৫:১৭
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সমসাবাদ গ্রামের কালাম মিয়ার বাড়িতে আগুন লেগে আসবাবপত্র ও চিকিৎসার জন্য রেখে দেয়া টাকা পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির এক ভাড়াটিয়ার দাবি, ঘরে থাকা চিকিৎসার জন্য রেখে দেয়া নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সমসাবাদ গ্রামে কালাম মিয়ার টিন-কাঠে নির্মিত বসত ঘরে আগুন লাগে। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রবাসীর পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, নগদ টাকা পুড়ে যায়।
ওই বাড়ির ভাড়াটিয়া দোহার-নবাবগঞ্জ কলেজের আয়া সামেলা বেগম বলেন, ‘‘আমার পেটে একটি টিউমার হয়েছে। তিল, তিল করে টাকা জমিয়ে টিউমার অপারেশনের জন্য ঘরে বিশ হাজার টাকা জমিয়ে রেখেছিলাম। সেই টাকা ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার গায়ের কাপড়টি ছাড়া আর কিছু নেই।’’ 
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল কায়সার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।