বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ মোট ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা হতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) উজ্জ্বল কুমার রায় জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ১২ টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার ১২ টি থানা এবং সকল ফাঁড়ি ও গোয়েন্দা পুলিশ এই অভিযানে অংশ নেন। অভিযানে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা রুখতে বগুড়ায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বেশিরভাগেই বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে গত বছরের ৩ মার্চ জেলায় নাশকতা ,অগ্নিসয়ংযোগ এবং পুলিশের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তারা দীর্ঘদিন থেকে আত্ম গোপনে ছিল। এসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বাকিরা মাদক মামলায় অভিযুক্ত এবং চিহ্নিত সন্ত্রাসী। এদেরও বেশিরভাগই গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
